অনুষ্ঠিত হলো ওয়েব হোস্টিং সামিট

১৫ মার্চ, ২০২০ ১৫:২৯  
দেশে ওয়েব হোস্টিং এর সার্বিক উন্নয়নের লক্ষে ‘ওয়েব হোস্টিং সামিট-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর এলাকার একটি হোটেলে এ সামিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আলফা নেটের প্রধান নির্বাহী কর্মকর্তা একরামুল হায়দার। দেশের শীর্ষ ওয়েব হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সমঝোতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়ন এ সামিটের মূল উদ্দেশ্য। বাংলাদেশের ৩০টির বেশি শীর্ষ কোম্পানি এ সামিটে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর প্রেসিডেন্ট আলমাস কবির। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তথ্যপ্রযুক্তিবিদ ও সিনারিস ওয়েব সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান হায়দার। এটি ছিল চতুর্থ ওয়েব হোস্টিং সামিট। সামিটটিতে বর্তমানে বাংলাদেশের ওয়েব হোস্টিংয়ের সামগ্রিক পরিস্থিতি, বিবিধ সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত সদস্যরা।